রিয়াদের অগ্নিকাণ্ড : নিহত বাকি ৭ বাংলাদেশির লাশ আসছে সকালে

30 October, 2026

প্রকাশের সময়: 09:37 pm, 30th Oct, 2026

সর্বশেষ আপডেট: 09:37 pm, 30th Oct, 2026

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আগামীকাল শনিবার দেশে আসছে। সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-৩৩৬) মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তাদের মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আনা হয়।
তবে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় বাকি সাতজনের মরদেহ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

দূতাবাস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়েছে। সেখান থেকে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় পাঠানো হচ্ছে।

শনাক্ত হওয়া নিহত সাতজন হলেন—নওগাঁ সদরের মো. শাহিন, আত্রাইয়ের মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

মরদেহগুলো ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বজন ও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন!