বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
তার পক্ষে এ মনোয়ন জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৩ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে দুপুরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে দলের জ্যেষ্ঠ মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
এ বৈঠকে বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম।
৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। জাতীয় সংসদের ভোটকক্ষ ভোটগ্রহণ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদের অধিবেশন না থাকলে স্পিকারের পরামর্শে একদিনের বৈঠক আহ্বান করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিল অনুযায়ী, শেষপর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্টের ৭ দিন আগে একদিনের বৈঠক আহ্বান করবেন সিইসি। তবে সেটি সংসদের নিয়মিত অধিবেশন হিসেব গণ্য হবে না।








