রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে একটি পিকআপ ভ্যান উল্টে গেলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, নানিয়ারচরের কৃষ্ণমাছড়ার রূপন্ত চাকমার স্ত্রী মেঘরানী চাকমা (৪৫), কোতোয়ালি থানার আমানতবাগ এলাকার মৃত পরাশ্বর চাকমার মেয়ে শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার মৃত ললিত চন্দ্র চাকমার ছেলে শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও নানিয়ারচরের ঘিলাছড়ি গ্রামের শোভা চাকমা (৫২)।
আহতরা হলেন- পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও কোতোয়ালি থানার পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমা (৪৫)।
রোববার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রাঙামাটি শহর থেকে কুতুকছড়িগামী একটি পিকআপ ভ্যান মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি উল্টে দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








