ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ২ জনকে আটক করেছে পুলিশ।
ঢাকা আদালত প্রাঙ্গণ থেকে সাভার মডেল থানার প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় সোহাগ খান (৩৬) ও নাজমুল হাসানকে (১৯) আটক করা হয়।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইন-চার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে এ মামলা করেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের সময় আদালত চত্বরে ছিনতাইয়ের চেষ্টা করা হয়।
রোববার (১৬ আগস্ট) ঢাকা জেলার কোর্ট পরিদর্শক কামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় পুলিশ হাতেনাতে ২ জনকে আটক করতে সক্ষম হয়।
কোতোয়ালা থানায় দায়ের মামলার এজাহারে বলা হয়েছে, সাভার মডেল থানার প্রতারণার একটি মামলায় আসামি মো. ইউসুফকে (৩৮) আদালতের কার্যক্রম শেষে জেলখানায় নিয়ে যাওয়ার জন্য প্রাঙ্গণে রাখা প্রিজন ভ্যানে তোলার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। এ সময় অজ্ঞাতপরিচয় ৫/৬ ব্যক্তি ওই আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুললে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আসামিপক্ষের হামলায় এটিএসআই হানিফ মাহমুদ এবং কনস্টেবল তোফায়েল আহম্মেদ গুরুতর আহত হন।
হামলাকারীরা পুলিশ সদস্যদের বেধড়ক মারধর, কিল-ঘুষি মারে এবং এক কর্মকর্তার পরনের শার্ট ছিঁড়ে ফেলে প্রায় ২ হাজার টাকার আর্থিক ক্ষতিসাধন করে। তবে ঘটনার সুযোগ নিয়ে অপর এক আসামিসহ অজ্ঞাতনপরিচয়ের ৫/৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।








