এনবিআর মানুষের ওপর ট্যাক্সের জন্য চাপ দেয়- এটা ভ্রান্ত ধারণা: প্রধানমন্ত্রী

18 August, 2026

প্রকাশের সময়: 12:39 pm, 18th Aug, 2026

সর্বশেষ আপডেট: 12:39 pm, 18th Aug, 2026

জাতীয় রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের মধ্যে একটি ধারণা আছে যে, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) মানুষের ওপরে ট্যাক্সের জন্য চাপ দেয়। এটা একটা ভ্রান্ত ধারণা। এই ধারণা ভাঙতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, যারা কর দেবেন, তাদের সহযোগিতা করতে হবে, যাতে করদাতাদের ওপরে কোনো চাপ সৃষ্টি না হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যাতে অনুপ্রাণিত হয় যে, ঠিক আছে আমার ট্যাক্সটা দিতে হবে। আমার ট্যাক্সটা দিলে আমরা স্বাস্থ্যসেবা পাবো। ট্যাক্সটা দিলে আমাদের সন্তানেরা এডুকেশনের সুবিধা পাবে। ট্যাক্সটা দিলে মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে সে জন্য আপনাদের এই ব্যাপারে মনোযোগী হতে হবে। 

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কতগুলো দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেজন্যই বর্তমান সরকার বারবার বলার চেষ্টা করছে যে, আসুন! আমরা সবাই মিলে চেষ্টা করি। সবাই মিলে আমরা একটা পরিবর্তনের চেষ্টা করি, যেই পরিবর্তনটাকে সবাই ভালো পরিবর্তন বলবে।

প্রধানমন্ত্রী বলেন, এখানে আমাদের সবার অবদান রাখার মতো অবস্থা আছে। অবদান রাখারর মতো সুযোগ আছে। আসুন! আমরা সবাই মিলে কাজ করি।

তিনি বলেন, আমরা সবাই মিলে যদি যার যার কাজ, দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করি, সেখানেই আমরা পরিবর্তনটা আনতে পারবো। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করবো।

,

শেয়ার করুন!