সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬শ ৩৭টি পুরনো মামলা নিষ্পত্তি করেছে।
এতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরো সুদৃঢ় হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেছেন, মামলা জট বাংলাদেশের বিচার ব্যবস্থার অনেক দিনের একটি বড় চ্যালেঞ্জ। সে কারণে পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ শুধু বিচার প্রার্থীদের শুধু অনেক দিনের অপেক্ষার শুধু অবসানই ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরো সুদৃঢ় করবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬শ ৩৭টি পুরনো মামলা নিষ্পত্তি হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন।
বিশেষ করে একদিনে ৫ হাজার ৪শ ৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রশংসনীয়।
বিচারপতিদের ধন্যবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলার জট নিরসনে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ও সুপ্রিম কোর্ট প্রশাসন ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।
তিনি বলেন, আমরা প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের আরো কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ প্রত্যাশা করি। মামলা দ্রুত নিষ্পত্তি হোক, বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান হোক, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরো সহজ, দ্রুত ও কার্যকর হোক।
যে ধরনের মামলার নিষ্পত্তি
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ১৩ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪শ ৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।
এর মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭শ ৩০টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়।
সম্প্রতি, পুরনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পুরনো ক্রিমিনাল মিস মামলা ও পুরনো রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬শ ৩৭টি পুরনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চগুলোতে অনেক দিনের পুরনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান।
বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
শফিকুল ইসলাম আরো জানান, চলতি বছরের ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতিদের অনেক দিনের পুরনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরনো ক্রিমিনাল মিস ও পুরনো রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করা হয়।
পুরনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।








