কলকাতার নিউ মার্কেটের হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

19 August, 2026

প্রকাশের সময়: 10:30 am, 19th Aug, 2026

সর্বশেষ আপডেট: 10:32 am, 19th Aug, 2026

ভারতের পশ্চিমবঙ্গের নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে আগুন লেগে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশির করুণ মৃত্যু হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় আরো অনেকেই আহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

কলকাতার পুলিশ জানিয়েছে, কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন হোটেলে মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে আগুন লাগে।

ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে, শিখা ইন হোটেলের ৪ তলায় আগুনের সূত্রপাত হয়। খবরে বলা হচ্ছে, এয়ার কন্ডিশনিং বিস্ফোরণের ফলে আগুনের শুরু হয়ে থাকতে পারে। তবে কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। এরপর স্থানীয় একটি দুর্যোগ ব্যবস্থাপনা দলও উদ্ধার কাজে যোগ দেয়।

কলকাতা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের খবর পাওয়ার পর হোটেল প্রাঙ্গণ থেকে ৬০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৯ জন অচেতন অবস্থায় ছিলেন। এদের মধ্যে ২ জন নারী ও একটি শিশু রয়েছে।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে জানিয়েছে যে, মৃতদের সবাই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘন ধোঁয়ার কারণে শুরুতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে যেতে পারছিলেন না।

তিনি জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

মৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শেয়ার করুন!