শনিবার (২২ আগস্ট) থেকে সারাদেশে শুরু হচ্ছে দুই ডোজের ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন।
২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ঝুঁকিপূর্ণ ১৪ উপজেলা ও থানায় প্রথম ডোজ দেওয়া হবে।
দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময় অনুযায়ী ২ ডোজই গ্রহণ করতে হবে।
এই কর্মসূচিতে ১ বছর বা তার বেশি বয়েসি সব নাগরিককে বিনামূল্যে কলেরার টিকা খাওয়ানো হবে। তবে গর্ভবতী নারীরা এই কর্মসূচির আওতায় থাকবেন না।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে। সারাদেশে মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) লালবাগ, গেণ্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডে ১শ ৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।
উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট এলাকাতেও এ কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে টিকা কর্মসূচির উদ্বোধনের পর দেওয়া এক বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এলাকা নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, একসময় কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেতো। বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে সতর্ক থাকা প্রয়োজন। জাতীয় অন্যান্য টিকাদান কর্মসূচির মতো এই ক্যাম্পেইন সফল করতেও তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
একইসঙ্গে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, ভ্যাকসিনবিষয়ক আন্তর্জাতিক জোট গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স সরকারকে এই টিকা অনুদান দিয়েছে। ফলে, কলেরার টিকা দেওয়ার জন্য আলাদা করে সরকারকে কোনো বরাদ্দ দিতে হচ্ছে না।
প্রসঙ্গত, ভিব্রিও কলেরি জীবাণুর সংক্রমণে কলেরা হয়। মুখে খাওয়ার এই টিকা কলেরা প্রতিরোধে সহায়তা করে এবং আক্রান্ত হলে রোগের তীব্রতা কমাতেও ভূমিকা রাখে। টিকা নেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং নিয়মিত হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে সবাইকে।








