নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সংবাদমাধ্যম হচ্ছে, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ।
তিনি বলেন, বিগত ১৭ বছর আমাদের মূল লড়াই ছিল দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। পূর্ববর্তী সরকারের সময়ে সংবাদমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে রোববার (২৩ আগস্ট) আয়োজিত এক পরিচিতি সভায় তিনি এ সব কথা বলেন।
এ সময় সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীন দফতার-সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য রাখেন।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং আমরা কী কাজ করছি, তা সঠিকভাবে তাদের সামনে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব।
কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতার ওপর আস্থা ব্যক্ত করে মন্ত্রী আরো বলেন, আপনারা প্রশাসনিক কাজে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমরা সবাই এক হয়ে কাজ করবো। আমাদের কোনো সিদ্ধান্তের কারণে যেন কারো প্রতি অন্যায় ও অবিচার না হয়।








