মক্কা প্যাক্টে সরকারের আগ্রহ ইতিবাচক: আসিফ মাহমুদ

31 August, 2026

প্রকাশের সময়: 01:51 pm, 31st Aug, 2026

সর্বশেষ আপডেট: 01:51 pm, 31st Aug, 2026

মক্কা প্যাক্টে সরকারের আগ্রহ ইতিবাচক: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, মক্কা প্যাক্টে বাংলাদেশ সরকারের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তবে এ ধরনের চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ভারসাম্য রক্ষা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার তাগিদও দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) ওমরাহ পালন শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ মন্তব্য করেন।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ৩টি দেশের (সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক) মধ্যে যে সামরিক চুক্তিটি হয়েছে, সেখানে বাংলাদেশের যোগ দেওয়ার যে ইচ্ছা সরকারের আছে, সেটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি।

আমরা মনে করি, এটি যদি বাংলাদেশের জন্য একটি ফলপ্রসূ চুক্তি হয়, তবে তা হলে ভালো।

তিনি জানান, চুক্তির সুবিধা ও অসুবিধা মূল্যায়নে তারা নিজস্ব পর্যায় থেকে স্টাডি করছেন। একইসঙ্গে চুক্তিতে থাকা ৩টি দেশসহ সংশ্লিষ্ট কূটনৈতিক অংশীদারদের সঙ্গে কথা বলছেন।

তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই কারো জন্য কোনো নির্দিষ্ট বলয়ে ঢুকে গিয়ে কখনোই কোনো সামরিক বা বাণিজ্যিক বোঝাপড়ায় যায়নি। আমাদের সবার সঙ্গে সম্পর্ক রাখার যে দরজা, সেটা খোলা রেখেই যেকোনো সামরিক বা বাণিজ্যিক চুক্তিতে যাওয়া উচিত।

অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সমমানের পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, সব উদ্বেগ এড়িয়ে যদি আমরা কোনো ফলপ্রসূ সম্পর্কের দিকে যেতে পারি, তবে সেটি অবশ্যই ইতিবাচক।

শেয়ার করুন!