কমেছে এলপিজি সিলিন্ডারের দাম, বেড়েছে সয়াবিন তেলের

02 September, 2026

প্রকাশের সময়: 06:55 pm, 2nd Sep, 2026

সর্বশেষ আপডেট: 06:55 pm, 2nd Sep, 2026

কমেছে এলপিজি সিলিন্ডারের দাম, বেড়েছে সয়াবিন তেলের

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে, বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) নতুন মূল্য ঘোষণা করার পর সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিইআরসি।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৫শ ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় কমেছে ১৩ টাকা। আগস্ট মাসে ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ছিল ১ হাজার ৫শ ৯৮ টাকা।

একইসঙ্গে, ভোক্তাপর্যায়ের অটোগ্যাসের মূসকসহ (মূল্য সংযোজন কর) প্রতি লিটার ৭৩ দশমিক শূন্য ৯ টাকায় সমন্বয় করার তথ্য জানিয়েছে বিইআরসি।

বেড়েছে সয়াবিন তেলের দাম

এদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে, বাংলাদেশ সরকার। এর ফলে লিটার প্রতি সয়াবিন তেল ১শ ৯৯ টাকা থেকে বেড়ে এখন ২শ ৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, বাজারে কোনো সংকট দেখা দেয়নি। আমাদের তো টিম বাজারে থাকে। বাজার মনিটর করে, মূল্য দেখে সবকিছুই দেখে। এই কথাগুলো একটু হয়ত চাউর হয়েছিল যে, বাজারে সংকট হতে পারে। কিন্তু এখন পর্যন্ত সংকটের কোনো তথ্য আমাদের কাছে নেই।

একইসঙ্গে, পাম তেলের দাম অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।

বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয়, পরিবহন খরচ বৃদ্ধি এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

এর আগে, চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১শ ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

শেয়ার করুন!