স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সার্জিস আলম

03 September, 2026

প্রকাশের সময়: 05:02 pm, 3rd Sep, 2026

সর্বশেষ আপডেট: 05:14 pm, 3rd Sep, 2026

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম

আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বাংলামোটরে অবস্থিত এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

সার্জিস আলাম বলেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি।

আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে আগাচ্ছে দলটি।

সারজিস আলম জানান, ইতোমধ্যে ১শ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরো ১শ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।

এ ছাড়া, ৫টি সিটি কর্পোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি সিটি কর্পোরেশনের প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

এনসিপির মুখ্য সংগঠক বলেন, বাংলাদেশে প্রায় ৪ হাজার ৬শ ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়ন পরিষদে এনসিপিসমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নভেম্বরের মধ্যে ঘোষণা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি।

আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এনসিপিসমর্থিত প্রার্থী থাকবে।

শেয়ার করুন!