মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি এ সময় আরো বলেন, ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার দফতর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ সব কথা বলেন।
জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন। এছাড়াও সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, জনগণের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খননসহ উন্নয়ন কার্যক্রম জনগণের কল্যাণেই বাস্তবায়িত হচ্ছে।
অন্যদিকে, নজরুল বর্ষ উপলক্ষে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা ও জাতীয় সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, জেলার সব দফতর প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।








