নির্দেশনা অমান্য করে অর্থমন্ত্রীর নামের আগে ‘মাননীয়’!

14 September, 2026

প্রকাশের সময়: 07:36 pm, 14th Sep, 2026

সর্বশেষ আপডেট: 07:37 pm, 14th Sep, 2026

নির্দেশনা অমান্য করে অর্থমন্ত্রীর নামের আগে ‘মাননীয়’!

সরকারের জারি করা নির্দেশনা অমান্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নামের আগে ‘মাননীয়’ লেখা হয়েছে।

এ কাজটি করেছে, সরকারের আরেক সংস্থা ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বাংলাদেশ-আইডিআরএ)। এতে সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এর আগে ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়, দাফতরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরিপত্রে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তাই সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

সিদ্ধান্তটিকে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অনতিবিলম্বে এটি কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

অর্থাৎ সরকারি দফতর, অধিদফতর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দাফতরিক চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপে সংশ্লিষ্ট ব্যক্তির পদবির আগে কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারের সুযোগ নেই।

সরকারের এই স্পষ্ট নির্দেশনার পরও আইডিআরএ’র একটি দাফতরিক নথিতে অর্থমন্ত্রীর নামের আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, পরিপত্র জারির পরও কেন রাষ্ট্রীয় একটি নিয়ন্ত্রক সংস্থার নথিতে নিষিদ্ধ এ শব্দটি ব্যবহার করা হলো।

সংশ্লিষ্টদের মতে, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রটি শুধু মন্ত্রণালয় বা সরাসরি সরকারি দফতরের জন্য সীমাবদ্ধ নয়।

সরকারি দাফতরিক যোগাযোগ ও নথিপত্রে পদবি উল্লেখের ক্ষেত্রে এটি একটি সাধারণ নির্দেশনা। ফলে আইডিআরএ’র মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরও এ নির্দেশনা অনুসরণ করার কথা।

এখন প্রশ্ন উঠেছে, আইডিআরএ’র ওই নথিতে ‘মাননীয়’ শব্দটি কীভাবে ব্যবহার করা হলো এবং নির্দেশনা জারির পরও এ ধরনের শব্দ ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের কোনো জবাবদিহির মুখোমুখি হতে হবে কি না।

শেয়ার করুন!