স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদের চেতনা ও গণভোটের আদেশের বাইরে গিয়ে সংবিধানের একপক্ষীয় বা নিজেদের ইচ্ছেমতো কোনো সংশোধন করা হবে না।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের বর্তমান উদ্যোগ ১১ দলীয় ঐক্য প্রত্যাখ্যান করেছে।
গোলাম পরওয়ারের এ বক্তব্যের জের ধরে বিকেলে সংসদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়ায় জানান, একপক্ষীয় বা নিজেদের ইচ্ছেমতো কোনো সংশোধন করা হবে না।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। এছাড়া যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনের বিল আনা হবে। সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, জুলাই সনদের বাইরেও ইশতেহারে কিছু বিষয় ছিল। সেগুলোও ধারণ করা হবে। একপাক্ষিকভাবে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। আজকের আলোচনায় ১৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।
বাজেট বরাদ্দের সময় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলো ভালোভাবে বাস্তবায়নের জন্য আর্থিক বছরের সময় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে। ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত আর্থিক বছর করার প্রস্তাব দেওয়া হবে।
তিনি বলেন, সংবিধান সংশোধনসাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল; অর্থাৎ সংবিধানে যেসব বিষয় রয়েছে, সেগুলো সংশোধন করা হবে।
কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন কথার কোনো ভিত্তি নেই। যারা এখনো জুলাই সনদে সই করেননি, তারাও আলোচনায় থাকতে চাইলে অংশ নিতে পারবেন। ডিসেম্বরর মধ্যে আলোচনা শেষ করার পরিকল্পনা আছে। এরপরই প্রতিবেদন তৈরি করা হবে।








