ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল করে কাতার থেকে আসছে আরো ২ কার্গো এলএনজি।
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর-২০২৬ মেয়াদে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ডিজেল (গ্যাস অয়েল) ও জেট এ-১ জ্বালানি আমদানির চলমান প্রক্রিয়া বাতিল করার পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একইসঙ্গে কাতার থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আরো ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ৪ মেয়াদের (প্যাকেজ ০১, ০২, ০৩ ও ০৪) জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল।
তবে কৌশলগত সিদ্ধান্ত অনুযায়ী, এই সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদের পুরো দরপত্র প্রক্রিয়াটি বাতিল করার সুপারিশ অনুমোদিত হয়।
অন্যদিকে, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিবিধ আলোচনার অংশ হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে জিসিজিসির (জিটুজি) দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে অতিরিক্ত ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রস্তাবনা অনুযায়ী, প্রথম কার্গো এলএনজি আগামী ৬ নভেম্বর এবং দ্বিতীয় কার্গোটি ২২ নভেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেএমকে নির্ধারিত মূল্যের চেয়ে ০.০২ মার্কিন ডলার কম রাখা হয়েছে।
সার্বিক মূল্যায়নে ক্রয় কমিটি কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে এ সরবরাহের জন্য সুপারিশকৃত দরদাতা হিসেবে অনুমোদন দিয়েছে।








