সেবার মান না বাড়ালে বাস রুটে নতুন কোম্পানি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

28 September, 2026

প্রকাশের সময়: 05:13 pm, 28th Sep, 2026

সর্বশেষ আপডেট: 05:13 pm, 28th Sep, 2026

সেবার মান না বাড়ালে বাস রুটে নতুন কোম্পানি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান বাড়াতে না পারলে রুটে নতুন কোম্পানি গঠন করা হবে।

তিনি বলেন, এতেও কাজ না হলে প্রয়োজনে রুট বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও সড়ক ভবনের অডিটরিয়ামে বাস ‘রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের আওতায় বাসমালিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন সড়স ও সেতুমন্ত্রী।

বাসমালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব কোম্পানির। কোনো মালিক বাসের যথাযথ সংস্কার না করলে কিংবা চালক-কর্মচারীরা নিয়ম না মানলে তার দায় কোম্পানিকে নিতে হবে।

শেখ রবিউল আলম বলেন, আমি কোনো বাসমালিক চিনবো না; কোম্পানি চিনবো। বাসটি আপনার কোম্পানির অধীনে চলে। মালিক মানসম্মতভাবে বাস সংস্কার না করলে, যাত্রীর সুবিধা নিশ্চিত না হলে, চালক কথা না শুনলে এবং কর্মচারীরা শৃঙ্খলা না মানলে সেই বাসের দায় আপনাদের নিতে হবে। তা নিশ্চিত করতে না পারলে ওই মালিকের বাস কোম্পানিতে রাখবেন না।

তিনি বলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে, ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করে ব্যবসা করার সুযোগ কারো নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পরিবর্তন চাইবা। তা না হলে প্রয়োজনে নতুন কোম্পানি গঠন করবো। তাতেও মানসম্মত সেবা নিশ্চিত করা না গেলে রুট বাতিল করে সরকারি পর্যায় থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।

বাসমালিকদের লোকসানের যুক্তির জবাবে মন্ত্রী বলেন, আগে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, এরপর ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে পারলে প্রয়োজন অনুযায়ী ভাড়া সমন্বয়ে সরকার আলোচনা করবে।

তিনি বলেন, আপনারা মানসম্মত যাত্রী পরিবহন নিশ্চিত করুন। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করুন। বাসে চড়তে মানুষকে আগ্রহী করার মতো পরিবেশ তৈরি করুন। প্রয়োজনে আমরা বসবো। আপনাদের লোকসান হলে আমরা দেখবো। উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে। তাদের নির্দিষ্ট মাত্রার লাভেরও প্রয়োজন আছে।

তিনি বলেন, আপনি সেবা বিক্রি করছেন, তার জন্য যুক্তিসঙ্গত লাভ করবেন। কিন্তু সেবার মান উন্নত না করে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া চাইবেন, এটা হতে পারে না।

ঢাকার বিভিন্ন স্থানে বাসস্টপেজ চিহ্নিত করা এবং সেগুলোর মান উন্নয়নে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে (ডিটিসিএ) দায়িত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, রুটভিত্তিক বাস কোম্পানিগুলোকে সঙ্গে নিয়ে বাসস্টপেজ চিহ্নিত করতে হবে। পরে সিটি কর্পোরেশনের মাধ্যমে সেগুলো যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন!