বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
তিনি বলেন, দেশের কৃষ্টি, সংস্কৃতি ও জাতীয় চেতনার সমন্বয়ে জাতীয়তাবাদী শক্তি গড়ে উঠেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘প্রগতিশীল জাতীয়তাবাদী দল’ (পিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা কারো ভোট ছিনতাই করিনি, আবার বেহেশতে যাওয়ার টিকিটও দিইনি। এরই মধ্যে এক নারীকে বেহেশতে পাঠিয়ে দিয়েছে। ধর্মব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
তিনি বলেন, দেশের স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চাই আমরা।
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেউ লংমার্চ করুক বা শর্টমার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়; আবার কেউ দেশে ফিরতে চায়। তার (শেখ হাসিনা) আসাতে বাধা নেই। আমরা তো চাই-ই তিনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলোর মুখোমুখি হন।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর রায় বলেন, তিনি (শেখ হাসিনা) যা দিয়েছেন ভারতকে, অনেক দিয়েছেন। শেখ হাসিনা নিজেই বলেছেন- তাদের যা দিয়েছি, আজীবন মনে রাখবে।
দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু সেনাবাহিনী নয়, ১৮ কোটি মানুষও জেগে উঠবে। দেশের সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রয়োজনে রাজনৈতিক দলের ভেতরেও নজর রাখার প্রয়োজন রয়েছে।
তিনি আরো বলেন, রাষ্ট্রকে সঠিক পথে আনতে আইনের আওতায় থেকে বিভিন্ন পথ অবলম্বন করা যেতে পারে। আবার সেটা অবৈধ পথ না, আইনের ভেতরে থেকেই অনেক কিছু করা যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা তারেক রহমানের চাটুকারিতা করবো না; তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করবো। তবে এই মুহূর্তে দেশ পরিচালনায় বিএনপিতে তারেক রহমানের বিকল্প নেই। তার হাত দিয়েই দেশ অনেক দূর এগিয়ে যাবে।
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরো বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার একতাবদ্ধতা বজায় রেখে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে জনকল্যাণে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন পিএনপি’র চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ফিরোজ আহমেদ।
এ সময় সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সময় দিয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা করা উচিত।








