সৌদি আরবের হুতিগোষ্ঠীর হামলার কারণে দেশটির রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে বাংলাদেশি ১২৬টি ফ্লাইট বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তপক্ষ।
সোমবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েছে দেশের ১৯ হাজার ৩৭৭ যাত্রী।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য জানান বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে হুতিগোষ্ঠীর হামলার কারণে দেশটির রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে কয়েক দিন ধরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। গত ১০ অক্টোবর থেকে হামলা শুরু হওয়ার পর এসব রুটে ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে। এতে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন বলে জানান বেবিচকের কর্মকর্তা কাউছার মাহমুদ।
ফ্লাইট বাতিলের ফলে ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন এয়ারলাইন্সের হাজারো যাত্রী। ভুক্তভোগী যাত্রীরা জানান, কর্মস্থলে যোগ দিতে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইটের টিকিট ও রুট পরিবর্তন করতে হচ্ছে তাদের।
মদিনাগামী সরাসরি ফ্লাইটে যাত্রার জন্য বিমানবন্দরে আসা কয়েকজন যাত্রী জানান, আজও কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঠিক কতটি ফ্লাইট বাতিল হয়েছে, সে তথ্য নিশ্চিত করতে পারেনি বেবিচক।








