সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ সব কথা বলেন।
আইজিপি বলেন, যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অনুমতি দেয়, তাহলে আমরা সেটাই করবো।
তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলতে হবে। পুলিশ সদস্যদের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে হবে। গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করা জরুরি।
এ সময় পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।
এছাড়া ২ মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান আইজিপি।
আইজিপি বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবেন এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনো ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।








