বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি এবং উত্তরা এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় যে, কে এম তাহসিফ সৌরি ২৭ অক্টোবর রাতে উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান।
পরবর্তীতে ২৮ অক্টোবর সন্ধ্যায় উত্তরা সিপি ফাইভ স্টার স্ন্যাকস সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশা এবং বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপসহ (২৩) অন্যরা একসঙ্গে অবস্থান করেন।
সিসিটিভি ফুটেজে আসামিদের চলাফেরা ও মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় চলাচলের প্রমাণ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে তাহসিফের মৃত্যুর সঙ্গে সন্দেহভাজন জেরিকা তাসনিম দিশার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতপরিচয় অন্যান্য আসামিদের গ্রেফতার ও শনাক্তকরণ, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আসামিদের পরস্পরবিরোধী বক্তব্য ক্রসচেক করার জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।
এ মামলায় শনিবার তাহসিফ সৌরির বন্ধু শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।








