নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

02 November, 2026

প্রকাশের সময়: 05:38 pm, 2nd Nov, 2026

সর্বশেষ আপডেট: 05:39 pm, 2nd Nov, 2026

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) নোয়াখালীর রামপুর ইউনিয়নে ‘সুন্দলপুর সাউথ-১’ নামে নতুন একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছে।

প্রাথমিকভাবে এ ক্ষেত্রটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত ওই গ্যাসক্ষেত্রের কূপে অগ্নি প্রজ্বলনের পর গ্যাস পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।

মোজাম্মেল হক জানান, আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার পর গ্যাসক্ষেত্রটিতে কী পরিমাণ গ্যাস মজুত আছে, তা জানা যাবে। এ ছাড়া গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষার পর জানা সম্ভব হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা দিয়েছেন যে, ‘সুন্দলপুর সাউথ-১’ গ্যাসক্ষেত্রটি থেকে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাস পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে আগামী ২০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে। তবে এসব বিষয়ে নিশ্চিত হতে আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

বাপেক্স সূত্র জানায়, বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহ পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কূপটির বিষয়ে আরো নির্ভুল তথ্য জানানো সম্ভব হবে।

বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন!