আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তবে তিনি সেইসঙ্গে এটাও বলেছেন যে, বিক্ষোভ দমনে বিগত সরকারের মতো পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করুক, বর্তমান বিএনপি সরকার তা চায় না।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন উপদেষ্টা।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের পেছনে সরকার আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলছে। যারা আন্দোলন করছে, তাদের বেশির ভাগ কিশোর গ্যাংয়ের মতো। তাহলে সরকার কেন তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না, এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কোন অস্থিরতা সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে, তার একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে।
তিনি বলেন, আমি আগে একদিন বলেছিলাম, বাংলাদেশের পুলিশ কখনো শেখ হাসিনার পুলিশের মতো আর হবে না, এটা আমার প্রত্যাশা। আমি নাগরিক হিসেবে বলছি, আমি সরকারে থাকা মানুষ হিসেবে বলছি না।
তিনি বলেন, এর মধ্যেও সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়ত দেখেছেন, কোথাও কোথাও সামঞ্জস্যহীন বল প্রয়োগের মতো ঘটনা ঘটেছে। আমি সরকারে থেকেই কথাটা বলছি।
পুলিশের বল প্রয়োগের অধিকার রয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, পুলিশের বল প্রয়োগ করার আইনি অধিকার আছে। পুলিশের আত্মরক্ষার অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে যদি সেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়।
কিন্তু যে কথাটা বারবার বলছি, সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে এবং সামঞ্জস্যহীন বল প্রয়োগ। আমরা চেয়েছি যে, আগে যেভাবে এগুলো দমন করার চেষ্টা করা হয়েছে, এই সরকার সেটা ওভাবে চাইছে না।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, আমরা কিশোর গ্যাং বলি বা অন্য কাউকেই বলি না কেন, এরা এই রাষ্ট্রের নাগরিক। যখন তারা আসছেন, গোয়েন্দা তথ্য আছে এবং সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন এটা কীভাবে হচ্ছে, এটার পুরো সবকিছুই সেই বাহিনীর কাছে আছে।
কিন্তু আমরা এটাকে এমনভাবে করতে চাই যেন এটা জনগণের ওপরে খুব কম ক্ষয়ক্ষতি হয়, খুব কম সমস্যা হয়, সেভাবেই করতে চাই।
খুব অল্প সময়ের মধ্যেই শ্রমিক বিক্ষোভ শেষ হবে, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে কিন্তু প্রকৃত শ্রমিকেরাও মাঠে নেমেছিলেন। কারণ, তাদের কিছু ন্যায্য দাবি ছিল। এখন যেহেতু কমিশন তৈরি হয়েছে, আমরা আশা করি তারা যদি আর মাঠে না নামেন, তখন অন্য যে কেউ নেমে এই কাজ করাটা সহজ হবে না।








