সরকার বিরোধীদল দমনে তৎপর, ফ্যাসিস্ট দমনে নমনীয়: নাহিদ

03 November, 2026

প্রকাশের সময়: 07:56 pm, 3rd Nov, 2026

সর্বশেষ আপডেট: 07:56 pm, 3rd Nov, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

সারাদেশেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে-পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মীরা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ফ্যাসিস্টদের যা কিছু ব্যবসা-প্রতিষ্ঠান সম্পদ আছে, তা বর্তমানে বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি’র সাংগঠনিক কর্মকাণ্ড ও স্থানীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ সব কথা বলেন।

ডিসেম্বরে কিছুই হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যদি কিছু হয়, তা হবে সরকারের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমঝোতার কারণেই। এমন কিছু হলে এনসিপি রাজপথে থেকে তা প্রতিহত করবে, ইনশাআল্লাহ!

সময় মতো পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজ গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যদি এই আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে নৈরাজ্য সৃষ্টি করে, এই দায় সরকারকেই নিতে হবে। সরকারের গোয়েন্দা সংস্থা পুরোটাই ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিরোধীদল দমনে সরকার যথেষ্ট আপডেট হলেও ফ্যাসিস্ট দমনে নমনীয়। যারা দেশের শত্রু, জাতীর শত্রু, যারা ভারতে পালিয়ে রয়েছে।

সরকার তাদের যাবতীয় গোয়েন্দা শক্তি ব্যবহার করছে বিরোধী দল কোথায় যাচ্ছে, কী করছে, কী বলছে, এসবের পেছনে।

গার্মেন্টস সেক্টরের আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে গেছে এমন দাবি করে নাহিদ ইসলাম বলেন, গার্মেন্টস শিল্পে এই আন্দোলন তথা চলমান অবস্থার দায়ভার বিএনপিকেই নিতে হবে। বিগত ৮ মাসে বিএনপি যে সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এটাই প্রমাণ করে।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে বিএনপি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনী ইস্তেহার দিয়েছিল, সবগুলো ভঙ্গ করেছে।

বর্তমান বিএনপি আওয়ামী লীগের সময়ে শ্রমিক আন্দোলনে উৎসাহ জুগিয়েছিল। তারাই এখন শ্রমিকদের বেতন কাঠামোর কথা বলে শ্রমিক ভাইবোনদের সঙ্গে প্রতারণা করছে। শ্রমিক ভাই বোনেরাও তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। শ্রমিক ভাইবোনদের প্রতি আমাদের আহ্বান, দেশের পোষাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি এবং এর শান্তিপূর্ণ সমাধান চাই। শ্রমিক ভাইবোনদের কল্যাণে সরকারের সমযোপযোগী সিদ্ধান্ত প্রত্যাশা রাখি।

মতবিনিময় সভায় এসসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মাহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন!