নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের বিভিন্ন পণ্যের পসরা নিয়ে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’(আইসিসিবি)’তে ১২ থেকে ১৪ নভেম্বর এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটির আয়োজন করবে সেমস-গ্লোবাল ইউএসএ।
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ২ শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহন করবে। আয়োজনের অংশ হিসেবে থাকছে ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো এবং ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সেমস বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সেমস-গ্লোবাল ইউএসএ’র তথ্যমতে, প্রদর্শনীতে নির্মাণ সংশ্লিষ্ট অংশে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, বিল্ডিং প্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং, লিফট, এইচভিএসি এবং স্যানিটারি ওয়্যার প্রদর্শিত হবে। এবার শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে শ্রীলঙ্কা প্যাভিলিয়নও থাকবে।
তারা আরও জানায়, বিদ্যুৎ সংশ্লিষ্ট অংশে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার, মাউন্টিং সিস্টেম, এলইডি এবং স্মার্ট লাইটিং প্রযুক্তি তুলে ধরা হবে।
পানি সংশ্লিষ্ট অংশে পানি শোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, পানি বিশুদ্ধকরণ, ডিস্যালিনেশন, পানি বিতরণ ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট প্রযুক্তি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকদের তথ্যমতে, এতে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন থাকবে এবং ২০ হাজারের বেশি খাতসংশ্লিষ্ট দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করা হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি চলবে সেমিনার ও জ্ঞানবিনিময় সেশন।
এছাড়া ১০ নভেম্বর আইসিসিবির হল-২-এ ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং ১২ থেকে ১৪ নভেম্বর ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম; নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম; সেমস-বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদ রিয়াদ হাসান; এবং সেমস-বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. আল-আমিন উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, প্রদর্শনীগুলো দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, প্রকৌশলী, স্থপতি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়াতে সহায়ক হবে।
প্রদর্শনীটি ১২, ১৩ ও ১৪ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।








