মার্কিনিরা সরাসরি জানিয়ে দিয়েছে: বারাক ওবামা

04 November, 2026

প্রকাশের সময়: 04:58 pm, 4th Nov, 2026

সর্বশেষ আপডেট: 04:58 pm, 4th Nov, 2026

মার্কিনিরা সরাসরি জানিয়ে দিয়েছে: বারাক ওবামা

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের ব্যাপক বিজয় প্রমাণ করে যে মার্কিনিরা পরিবর্তন চায়।

মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওবামা বুধবার (৪ নভেম্বর) লিখেছেন, আজ রাতে যুক্তরাষ্ট্রের জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায় যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে এবং এমন নেতাদের চায়, যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারেন।

মিশিগান ও জর্জিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে বারাক ওবামা বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

ওবামা বলেন, এখন আমাদের কাজ হলো কাজে নেমে পড়া, যেখানে আমাদের ক্ষমতা আছে সেখানে পরিবর্তন আনা, আরো ক্ষতি প্রতিরোধ করা এবং ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা।

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে কী হবে

বিবিসি এক প্রতিবেদনে জানায়, সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় ক্ষেত্রেই ডেমোক্র্যাটরা এখন সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ধারণা করা হচ্ছে। এর অর্থ হলো, জানুয়ারি থেকে তারা আবার কংগ্রেসের নিয়ন্ত্রণে ফিরে আসবেন। কংগ্রেসের উভয় কক্ষই বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে। সিনেট ও প্রতিনিধি পরিষদে তাদের সংখ্যাগরিষ্ঠতা নিরঙ্কুশ।

কিন্তু ডেমোক্র্যাটরা যখন কংগ্রেস ফিরে পাবে, তখন তারা আরো সহজে আইন পাস করতে পারবে এবং প্রেসিডেন্টের এজেন্ডাকে চ্যালেঞ্জ করতে পারবে। এমনকী প্রেসিডেন্টের প্রশাসনের সদস্যদের বিরুদ্ধে তদন্তও শুরু করতে পারবেন তারা।

এটি একটি বড় পরিবর্তন এবং ট্রাম্প তার মেয়াদের শেষ দুই বছরে প্রবেশ করার মুহূর্তে এই জয়টিই আশা করেছিলেন ডেমোক্র্যাটরা।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে কী প্রভাব ফেলবে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ক্রেমলিনের ওপর কী প্রভাব ফেলবে সে বিষয়ে বিবিসি একটি বিশ্লেষণও করে।

তাতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের শেষ পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন এবং তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বিবিসিকে এ কথা জানিয়েছিলেন।

অর্থাৎ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, মস্কো স্বাভাবিক কাজকর্ম আশা করছে বলেই এই বার্তায় মনে হয়েছে।

রাশিয়া ঠিক যা চেয়েছিল, সেটি হয়তে দিতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প; অর্থাৎ নিজেদের শর্তে ইউক্রেন নিয়ে একটি চূড়ান্ত শান্তি চুক্তি; বরং ট্রাম্পের পররাষ্ট্রনীতি ক্রেমলিনের জন্য অনেক ইতিবাচক ফল বয়ে এনেছে।

সম্প্রতি, কিছু রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ান ডিজেল কিনতে সম্মত হয়েছেন এবং ভ্লাদিমির পুতিনের চেয়ে ভলোদিমির জেলেনস্কির অনেক বেশি সমালোচনা করেছেন।

কিন্তু এই সপ্তাহের শুরুতে রাশিয়ার নেজাভিসিমায়া গেজেতা পত্রিকা ভবিষ্যতদ্বাণী করেছিল যে, রিপাবলিকানরা যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের শুরু করা অসংখ্য তদন্তে জড়িয়ে পড়বেন এবং রাশিয়াবিষয়ক নীতিসহ তিনি যে নীতিগুলোকে সঠিক বলে মনে করেন, সেগুলো অনুসরণ করা তার পক্ষে সম্ভব হবে না।

শেয়ার করুন!