২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার (১৭ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকেন্দ্র (সংসদ ভবনের অধিবেশন কক্ষ) পরিদর্শন করেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে ৩টি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে।
মোট ৩শ ৪৯টি ব্যালটের বৈধ ভোট এবং প্রার্থীদের পাওয়া ভোট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন। পরে সচিবালয়ে গেজেট প্রকাশের কার্যক্রম সম্পন্ন করা হবে।
তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরও যদি একাধিক প্রার্থী থাকেন, তাহলে ২০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।








