সরকারের ১৮০ দিন: বিভিন্ন সেক্টরে দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হচ্ছে

17 August, 2026

প্রকাশের সময়: 05:20 pm, 17th Aug, 2026

সর্বশেষ আপডেট: 05:20 pm, 17th Aug, 2026

‌আমার বাংলাদেশ (এবি) পার্টি, ফাইল ছবি

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেছেন, বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একই সঙ্গে দলটির ৩১ দফার মধ্যে ১১টি দফা লঙ্ঘন করা হয়েছে।

এ সময় তিনি সরকারের ৬ মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক বলে মন্তব্য করেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের ১শ ৮০ দিনের কার্যক্রম নিয়ে দলের অবস্থান তুলে ধরার সময় ব্যারিস্টার ফুয়াদ এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে এস আলমের মতো দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সেক্টরে নিজেদের লোকদের পদায়ন করে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা করা হয়েছিল, তা থেকে সরে যাওয়া হচ্ছে।

তিনি আরো দাবি করেন, গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাজা দেওয়ার বিধান তৈরি করেছে বিএনপি।

এ পরিস্থিতি আওয়ামী লীগের করা আইনের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জনদুর্ভোগ বাড়তে থাকলে বিরোধী দল নয়, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না।

তিনি বলেন, অর্থের বিনিময়ে লুটেরাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের জন্য ক্ষতির কারণ হবে।

মঞ্জু অভিযোগ করেন, দিল্লির ইন্ধনেই হাদী হত্যাসহ দেশের সার্বভৌমত্ব নষ্টের ষড়যন্ত্র চলছে। ভারত সফরে প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবি পার্টি।

শেয়ার করুন!