শীতে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির

01 November, 2026

প্রকাশের সময়: 05:15 pm, 1st Nov, 2026

সর্বশেষ আপডেট: 05:15 pm, 1st Nov, 2026

শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যের স্বার্থে রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখতে চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ আবেদন জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও দোকান সন্ধ্যা ৬টা, ৭টা কিংবা রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হচ্ছে। এতে দীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

এমনকি ঢাকার দুটি বড় বিপণিবিতান ক্রেতা না থাকায় বন্ধ হয়ে গেছে। আরও অনেক বিপণিবিতান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়ছেন।দোকান মালিক সমিতির আবেদনে বলা হয়, বর্তমানে বিদ্যুৎ–সংকট কমে এসেছে এবং শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময় ব্যবসা-বাণিজ্য কিছুটা ভালো হয়। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা বিবেচনা করে রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখা প্রয়োজন।

শেয়ার করুন!