সিলেটে গাড়িবহরে হামলার জন্য বিএনপি দায়ী: এনসিপি

30 July, 2026

প্রকাশের সময়: 12:23 pm, 30th Jul, 2026

সর্বশেষ আপডেট: 12:23 pm, 30th Jul, 2026

সিলেটে নেতাদের গাড়ি বহরে হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সিলেটের গোলাপগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ সময় একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়।

হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির নেতারা। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে হবিগঞ্জে কর্মসূচি বাধাপ্রাপ্ত হওয়ায় সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই কিছুটা শঙ্কা ছিল।

সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে পদযাত্রার গাড়িবহর সিলেট-জকিগঞ্জ সড়ক হয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। এ সময় হামলাকারীরা পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে।

হামলার মুখে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় নেতাকর্মীরাও সেখান থেকে চলে যান।

এ ঘটনায় সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

হামলা প্রসঙ্গে সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানিয়েছেন, তারা একটি স্থানে হামলার তথ্য পেয়েছেন। কারা হামলা করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

হবিগঞ্জে বাধাপ্রাপ্ত হওয়ার পর সিলেট জেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন নিয়ে শুরুতে শঙ্কা দেখা দেয়। সেই শঙ্কার মধ্যে বৃহস্পতিবার দুপুরে জেলার প্রথম কর্মসূচি হিসেবে গোলাপগঞ্জে আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় নেতারা।

শেয়ার করুন!