দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন-শৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করেছেন ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেন ঐক্যজোটের নেতাকর্মীরা। এসময় তাদের নেতৃত্ব দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশ নেতাকর্মীদের সরে যেতে বলে। তারা সরে না গেলে পুলিশের সঙ্গে ১১ দলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে সচিবালয়ের সামনের পথ থেকে সরে যায়।
এর আগে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচিতে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেন।








