প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন- তারেক রহমানকে নির্ধারণ করতে হবে, তিনি কি হেলিকপ্টারে পালিয়ে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন!
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, যারা অতীতে গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। এরশাদও অনেক সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। ফলে, তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বাছাই করে নিতে হবে।
নাহিদ বলেন, লংমার্চের পক্ষে যে গণজোয়ার শুরু হয়েছে, সেটা প্রতিরোধ করতে তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।
তিনি দাবি করেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এই লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না। দফা বাড়ছে, কিন্তু আমরা জানি সব দফা এসে ঠেকবে এক দফায়। সেটার জন্য প্রস্তুত হন।
এর আগে ৯ সেপ্টেম্বর (রোববার) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভায় ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিভিন্ন দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের সিদ্ধান্ত গৃহীত হয়।
গণভোটের রায় কার্যকর, গ্যাস-বিদ্যুৎ-সারের সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করে ১১ দল। সেই একই দাবিতে শনিবার ঢাকা-রংপুর লংমার্চের আয়োজন করা হয়েছে।








