বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি

04 October, 2026

প্রকাশের সময়: 07:50 pm, 4th Oct, 2026

সর্বশেষ আপডেট: 07:50 pm, 4th Oct, 2026

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার

সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আখতারুজ্জামানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও কারাগারে ডিভিশন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত।

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা ছাড়া এটি ঘটতে পারে না। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ায় সৃষ্ট আক্রোশ থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বিমানবন্দরের অব্যবস্থাপনার বিষয়ে গোলাম পরওয়ার বলেন, সেখানে ট্রলি পাওয়া যায় না এবং লাগেজ পেতে কয়েক ঘণ্টা দেরি হয়। আখতারুজ্জামান এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছেন। এরপর তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক কারণে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে করা জামিনযোগ্য মামলায় আদালত জামিন নামঞ্জুর করেছে।

তিনি আরো বলেন, সরকারের একজন মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে সেদিনের ঘটনা নিয়ে জাতির সামনে অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন।

মন্ত্রী সৎ হলে অব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাদের প্রত্যাহার করতেন এবং মামলা দিতেন। কিন্তু তা না করে অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করা কর্মকর্তার মাধ্যমে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান।

গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামান সমাজের একজন সম্মানীয় ব্যক্তি। অথচ তাকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, আখতারুজ্জামানকে ডিভিশন দেওয়া হয়নি। তিনি সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ সংক্রান্ত গেজেট আদালতে উপস্থাপন করা হয়েছে।

এরপরও তাকে ডিভিশন দেওয়া হয়নি। ৭৫ বছর বয়েসি আখতারুজ্জামান অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।

গোলাম পরওয়ার বলেন, বিচারকরা ভয় পাচ্ছেন তাকে ডিভিশন দিলে কী না হয়! এর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে।

তিনি আরো বলেন, আদালতে বিএনপি’র আইনজীবীরা মব সৃষ্টি করেছে এবং আখতারুজ্জামানের আইনজীবীদের ওপর হামলা চালিয়েছে। জামায়াতের নেতাকর্মী ও আখতারুজ্জামানের আত্মীয়স্বজন, যারা তাকে দেখতে গিয়েছিলেন, তাদের ওপরও হামলা করা হয়েছে।

শেয়ার করুন!