লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট

13 August, 2026

প্রকাশের সময়: 05:51 pm, 13th Aug, 2026

সর্বশেষ আপডেট: 05:51 pm, 13th Aug, 2026

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, লালদিয়া কনটেইনার টার্মিনালে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। টার্মিনালের ক্রেনগুলো অফিস থেকে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, যা কার্যক্রমের দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী শেখ রবিউল আলম  জানান, ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য এ টার্মিনালকে আধুনিক ও পরিবেশবান্ধব ‘গ্রিন টার্মিনাল’ হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হবে, যা বন্দরখাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিকমানের এ টার্মিনাল নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একইসঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রী ডেনমার্কের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার ও দেশটির বিনিয়োগকারীদের আরো সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান এবং বন্দর ও নৌপরিবহন খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা লালদিয়া কনটেইনার টার্মিনালসহ দেশের বন্দরখাতে আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপস্থিত ছিলেন।

শেয়ার করুন!